দৌলতদিয়ায় নদীতে পড়া বাস উদ্ধার, অল্পের জন্য রক্ষা পেলেন তিনজন
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৫ জুন ২০২৬, ১০:০০ পিএম
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার পর ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে প্রায় সাড়ে ১১টার দিকে নদীর তলদেশ থেকে বাসটি উদ্ধার করা হয়।
দুর্ঘটনার সময় বাসটিতে চালক, সহকারী চালক ও তত্ত্বাবধায়ক ছিলেন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। ফেরিতে ওঠার আগেই যাত্রীরা নেমে যাওয়ায় অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৫ মার্চ একই ফেরিঘাটের ৩ নম্বর পল্টুন এলাকায় ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। সেই দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। সাম্প্রতিক এই ঘটনায় যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
