ঝড়ে উপড়ে পড়া গাছ ‘উঠে দাঁড়াল’, আগরবাতি-মোমবাতি নিয়ে মানুষের ভিড়
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৫ জুন ২০২৬, ০৯:২০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে উপড়ে পড়া একটি গাছের অংশ কেটে ফেলার পর সেটি আবার দাঁড়িয়ে গেছে এমন দাবি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন। কেউ গাছের শিকড় ও বাকল সংগ্রহ করছেন, আবার কেউ মানত করে আগরবাতি ও মোমবাতি জ্বালাচ্ছেন।
উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামের একটি বাড়িতে থাকা গাছটিকে ঘিরে কয়েকদিন ধরেই কৌতূহলী মানুষের আনাগোনা বেড়েছে। বর্তমানে ডালপালাবিহীন গাছটির একটি অংশ সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। গাছটির নিচের অংশ কাটা এবং সেখানে লাল কাপড় বাঁধা রয়েছে। চারপাশে চিহ্ন টানিয়ে রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অনেকের দাবি, এটি অলৌকিক ঘটনা। তাদের ভাষ্য, সৃষ্টিকর্তার ইচ্ছাতেই এমন ঘটনা ঘটেছে। এ কারণে গাছটিকে বিশেষ গুরুত্ব দিয়ে সংরক্ষণ করা হচ্ছে।
বাড়ির সদস্য শারমীন সুলতানা জানান, প্রায় দেড় মাস আগে প্রবল ঝড়ে গাছটি মাটিতে পড়ে যায়। পরে গাছটি কেটে খণ্ড খণ্ড করার সময় হঠাৎ সেটি দাঁড়িয়ে যেতে দেখেন তিনি। বিষয়টি দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি প্রত্যক্ষ করেন।
পরিবারের আরেক সদস্য আবুল বাশার মুন্সী বলেন, ঝড়ে গাছটি পড়ে যাওয়ার পর সেটি বিক্রি করা হয়েছিল। কাটার সময় আবার দাঁড়িয়ে যাওয়ার ঘটনাকে তিনি মহান আল্লাহর কুদরত বলে মনে করেন।
গাছের মালিক মাহবুব মুন্সী বলেন, কীভাবে এমন হয়েছে তা একমাত্র আল্লাহই ভালো জানেন। তবে প্রতিদিন অসংখ্য মানুষ গাছটি দেখতে আসছেন। অনেকেই মানত করছেন, আগরবাতি ও মোমবাতি জ্বালাচ্ছেন। কেউ কেউ গাছের শিকড় নিয়ে যাচ্ছেন এই বিশ্বাসে যে এতে বিভিন্ন রোগব্যাধি থেকে উপকার মিলতে পারে।
অন্যদিকে গাছ কাটার কাজে যুক্ত কাঠুরিয়া মোহাম্মদ আমিন মিয়ার দাবি, ঝড়ে গাছটি শিকড়সহ উপড়ে পড়েছিল। ডালপালা কাটার পর সেটি আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়। তবে গোড়ার কয়েক ইঞ্চি অংশ কেটে দিলে গাছটি আবার পড়ে যাবে। তার মতে, ঘটনাটির পেছনে অতিপ্রাকৃত কোনো বিষয় নেই, বরং রহস্যময় এই দৃশ্য দেখতে মানুষ ভিড় করছেন।
এনএফ৭১/একে
বিষয়:
