মেহেরপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ জুন ২০২৬, ১১:১৬ পিএম

সংগৃহীত
 

মেহেরপুরের গাংনী উপজেলার অলিনগর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের আলাউদ্দিনের ছেলে ও অটোরিকশা চালক আরিফ হোসেন (৪৫), একই গ্রামের মাহিন ইসলামের এক বছর বয়সী মেয়ে আফরিন এবং যশোর শহরের সজিবের ছেলে আবরার হোসেন (৯)।

আহত মাহিন ইসলাম ও তার স্ত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও বামন্দী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অটোরিকশাটি মটমুড়া গ্রাম থেকে উত্তর শালিকা গ্রামের দিকে যাচ্ছিল। পথে অলিনগর এলাকায় পৌঁছালে গাংনী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে অটোরিকশা চালক আরিফ হোসেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আফরিন ও আবরার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওমর ফারুক আরিফ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে আফরিন ও আবরারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাদের স্বজনরা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



বিষয়:



Top