শুকাতে দেওয়া পাতা তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল মা-ছেলের
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৪ জুন ২০২৬, ০৬:৫৭ পিএম
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন মান্দুরা গ্রামের সুনীল চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রানী (৫৫) এবং তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ চন্দ্র দাস ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। ছুটিতে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন। বুধবার সন্ধ্যায় আকাশে কালো মেঘ জমতে শুরু করলে বাড়ির পাশের জমিতে শুকাতে দেওয়া গাছের পাতা সংগ্রহ করতে যান তিনি। পরে ছেলেকে সহযোগিতা করতে সেখানে যান তার মা কল্পনা রানী।
এ সময় হঠাৎ বজ্রপাত হলে মা ও ছেলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। স্বজনরা তাদের উদ্ধার করে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাদের মৃত্যু হয়।
মা-ছেলের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন বলেন, মানুষের মৃত্যু কখন এবং কীভাবে আসবে তা কেউ জানে না। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। এই দুর্ঘটনায় পুরো গ্রামের মানুষ শোকাহত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরতখালী ইউনিয়ন পরিষদের সদস্য শাহীন আলম বলেন, বজ্রপাতে মা-ছেলের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মস্পর্শী। নিহতদের পরিবারের সঙ্গে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। সরকারি নীতিমালা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় আর্থিক ও অন্যান্য সহায়তা দেওয়া হবে।
এনএফ৭১/একে
বিষয়:
