৩৮ বছর পর বাড়ি ফিরলেন স্বামী, অভিমানে ঘরে তুললেন না স্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ জুন ২০২৬, ০৬:০৫ পিএম

সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় ঘটেছে এক হৃদয়স্পর্শী ঘটনা। পারিবারিক মনোমালিন্যের জেরে ১৯৮৮ সালে বাড়ি ছেড়ে চলে যান জবেদ আলি। স্ত্রী রুশিয়া খাতুন ও পাঁচ বছর বয়সী ছেলে জাহাঙ্গীর আলমকে রেখে নিখোঁজ হয়ে যান তিনি। দীর্ঘ ৩৮ বছর ধরে তার কোনো খোঁজ না পেয়ে স্বজনেরা ধরে নিয়েছিলেন তিনি আর বেঁচে নেই।

তবে সম্প্রতি হঠাৎ নিজ বাড়িতে ফিরে আসেন জবেদ আলি। দীর্ঘদিন পর তাকে ফিরে পেয়ে পরিবারের অন্য সদস্যরা আনন্দিত হলেও তাকে সহজভাবে মেনে নিতে পারেননি স্ত্রী রুশিয়া খাতুন। বছরের পর বছর অপেক্ষা, কষ্ট আর অভিমান এখনও ভাঙেনি তার। ফলে স্বামীকে নিজের ঘরে স্থান না দিয়ে তিনি দূরে সরিয়ে রেখেছেন। বর্তমানে জবেদ আলি তার ভাইয়ের বাড়িতে অবস্থান করছেন।

রুশিয়া খাতুনের অভিযোগ, বাড়ি ছেড়ে যাওয়ার পর জবেদ আলি আরেকটি বিয়ে করে নতুন সংসার গড়েছিলেন। অন্যদিকে সন্তানকে নিয়ে তাকে চরম কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে জীবন কাটাতে হয়েছে। মানুষের বাড়িতে কাজ করে এবং হাড়ভাঙা পরিশ্রম করে তিনি সন্তানকে বড় করেছেন।

রুশিয়া খাতুন বলেন, “৩৮ বছর আমি সন্তানকে নিয়ে কঠিন জীবন পার করেছি। তখন স্বামীর কোনো খোঁজ পাইনি। এখন সংসারে স্বচ্ছলতা ফিরেছে, তাই কেন তিনি ফিরে এসেছেন—সেটাই আমার প্রশ্ন।”

অন্যদিকে জবেদ আলি স্বীকার করেছেন যে তিনি মানিকগঞ্জে আরেকটি সংসার গড়েছিলেন। সেখানে তার একটি কন্যাসন্তান রয়েছে। তবে দ্বিতীয় স্ত্রী মারা গেছেন বলে জানান তিনি। পরিবারের সদস্যরা তাকে মেনে নিলে মেয়েকেও সঙ্গে নিয়ে আসার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

স্থানীয় স্বজনদের আশা, দীর্ঘদিনের দূরত্ব ও অভিমান কাটিয়ে একদিন আবার এক ছাদের নিচে বসবাস করবে পরিবারটি। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রবাসী ছেলে জাহাঙ্গীর আলমের ফেরার অপেক্ষায় রয়েছেন রুশিয়া খাতুন।



বিষয়:



Top