আওয়ামী লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে: ইশরাক

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৪ জুন ২০২৬, ১২:০৯ পিএম

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে। এ কারণে দুটি দলকে একই দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।

বুধবার বিকেলে নোয়াখালীর চাটখিলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, বিএনপির বিরুদ্ধে কোনো গণহত্যার অভিযোগ নেই। কিন্তু আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে। তাই এ দুই রাজনৈতিক শক্তির বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে।

মুক্তিযোদ্ধাদের তালিকা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশ নেননি কিংবা যাদের বয়স তখন খুবই কম ছিল, তাদেরও বিগত সরকারের আমলে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে তালিকাটি প্রশ্নবিদ্ধ হয়েছে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ভুয়া মুক্তিযোদ্ধা শব্দটি শুনলে তিনি কষ্ট পান বলেও উল্লেখ করেন।

স্বাধীনতাবিরোধী শক্তির সমালোচনা করে তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের পর কিছু গোষ্ঠী মহান বিজয় দিবস ও স্বাধীনতার ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। তারা স্বাধীনতার ঘোষণার ইতিহাস বিকৃত করার পাশাপাশি বাংলাদেশকে পাকিস্তানপন্থী ধারায় ফিরিয়ে নেওয়ার অপচেষ্টাও চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

চব্বিশের গণঅভ্যুত্থান প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, এটি ছিল সাধারণ মানুষের আন্দোলন। ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলন-সংগ্রামে যারা অংশ নিয়েছেন, তাদের সবারই এতে অবদান রয়েছে। তিনি বলেন, বিএনপি কখনোই এ আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করেনি এবং ভবিষ্যতেও করবে না।

সরকার পরিচালনার চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও প্রশাসনিক জটিলতা দূর করতে সময় প্রয়োজন। দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে সরকারকে কিছুটা সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে হুমকি দিয়ে উৎখাত করা সম্ভব নয়। কেউ যদি এমন স্বপ্ন দেখে, তবে তারা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। দেশের অর্থনৈতিক পরিস্থিতি এখনও চ্যালেঞ্জের মুখে থাকলেও সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে বলেও উল্লেখ করেন তিনি।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/একে



বিষয়:



Top