বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৪ জুন ২০২৬, ১১:১৭ এএম
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোর দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই কন্যা সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মীরা মরদেহগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
নিহতরা হলেন বরগুনা শহরের কালীবাড়ী এলাকার দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ইতি রানী (৩৪), তার বড় মেয়ে আরাধা বিশ্বাস (১২) এবং ছোট মেয়ে অনুরাধা বিশ্বাস (৩)। ইতি রানী জেলা পরিষদের ডাকবাংলোয় খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
ডাকবাংলোর তত্ত্বাবধায়ক লিটন জানান, দুপুরে ডাকবাংলোয় এসে তিনি একটি কক্ষের দরজা খোলা দেখতে পান। পরে ভেতরে গিয়ে এক শিশুকে খাটের ওপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পাশের আরেকটি কক্ষের দরজা বন্ধ থাকায় তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে।
নিহতের স্বামী দুলাল চন্দ্র বিশ্বাস জানান, সকালে তিনি ব্যবসার কাজে আমতলী গিয়েছিলেন। ফিরে এসে স্ত্রী ও সন্তানদের বাড়িতে না পেয়ে খোঁজ নিতে থাকেন। পরে পরিচিত একজনের মাধ্যমে ডাকবাংলোয় গিয়ে তাদের মরদেহ দেখতে পান।
নিহতের বড় বোন রিতা রানী বলেন, পারিবারিক কোনো বিরোধ ছিল না। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণের কিস্তি পরিশোধ নিয়ে তার বোন মানসিক চাপে ছিলেন।
ঘটনার খবর পেয়ে জেলা পরিষদের প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার এবং পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহের পাশে ঘুমের ওষুধ পাওয়া গেছে। এছাড়া নজরদারি ক্যামেরার দৃশ্য পর্যালোচনাও করা হচ্ছে। তবে ময়নাতদন্ত ও বিস্তারিত তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এনএফ৭১/একে
বিষয়:
