মোহাম্মদপুরের কুখ্যাত ছিনতাইকারী আকাশ ২ সহযোগীসহ গ্রেপ্তার
নিউজ ফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০৭:১৭ পিএম
রাজধানীর মোহাম্মদপুর এলাকার কুখ্যাত ছিনতাইকারী আকাশকে তার দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
বুধবার (৩ জুন) আশুলিয়ায় অভিযান চালিয়ে আকাশ, রবিন ও আরাফাতকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আক্কেল আলী ও এসআই নাজমুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। দীর্ঘদিন ধরে আকাশের নেতৃত্বে মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছিল।
তদন্তে জানা যায়, সম্প্রতি মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় একটি বিকাশ এজেন্টের দোকানে হামলা চালিয়ে কর্মচারী হৃদয়কে কুপিয়ে আহত করা হয়। এ সময় নগদ ২ লাখ টাকা এবং প্রায় ১ লাখ টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া নবীনগর হাউজিং এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি থামিয়ে ৯৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনাতেও তাদের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, তুরাগ ও বুড়িগঙ্গা নদীর পাড়ের ওয়াকওয়েতেও নিয়মিত ছিনতাই করত এই চক্র।
থানায় নিয়ে যাচাই-বাছাই করে দেখা গেছে, আকাশের বিরুদ্ধে চারটি ছিনতাই, দুটি মারামারি এবং একটি মাদক মামলা রয়েছে। এছাড়া সহযোগী রবিনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয়:
