ধরপাকড়ের মধ্যেও চট্টগ্রামে ফের সক্রিয় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা, গ্রেপ্তার ৬৮

নিউজ ফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০৬:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের একের পর এক মিছিলের ঘটনায় নড়েচড়ে বসেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার নগরীর জিইসি এলাকায় ফের মিছিলের পর বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের ৬৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ব্যাপক ধরপাকড়ের মধ্যেও সংগঠনটির নেতাকর্মীরা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৩ জুন) সকালে নগরীর কুয়াইশ সড়কে মিছিল করে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের একদল নেতাকর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে জানতে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার সিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে মিছিল, নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের ৬৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

থানাভিত্তিক গ্রেপ্তারদের মধ্যে খুলশী থানায় ১৩ জন, বায়েজিদ বোস্তামী ও কোতোয়ালী থানায় ১২ জন করে, পাঁচলাইশ থানায় ১০ জন, ডবলমুরিং থানায় ৭ জন, ইপিজেড থানায় ৩ জন, বাকলিয়া ও কর্ণফুলী থানায় ২ জন করে এবং চকবাজার, চান্দগাঁও, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, বন্দর ও পতেঙ্গা থানায় একজন করে রয়েছেন।

সিএমপি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি নগরীতে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সোমবার সকালে নগরীর জিইসি মোড় এলাকায় ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী মিছিল বের করলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। এরপর থেকেই মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে।

সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, “নিষিদ্ধ সংগঠনকে আর কোনো ছাড় দেওয়া হবে না। তারা বিভিন্নভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এজন্য মাঠপর্যায়ের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “পুলিশ সবসময় সতর্ক থাকবে, যাতে কোনো নিষিদ্ধ সংগঠন নগরীতে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে।”



বিষয়:



Top