কঠোর অবস্থানে বেনাপোল সীমান্তে শূন্যরেখায় আটকে নারী-শিশুসহ ১২ জন
নিউজ ফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০১:৩৬ পিএম
যশোরের বেনাপোল সীমান্তের শূন্যরেখায় নারী ও শিশুসহ ১২ জন গত দুই দিন ধরে আটকে আছেন। রোববার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশের কঠোর অবস্থানের কারণে তা ব্যর্থ হয়। এরপর ওই ব্যক্তিদের সীমান্তের শূন্যরেখায় রেখে চলে যায় ভারতীয় বাহিনী। ফলে তারা এখন ভারতে ফিরতেও পারছেন না, বাংলাদেশেও প্রবেশ করতে পারছেন না।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ১২টার দিকে বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে সীমান্ত সড়কে তিনটি যানবাহন আসে। কিছুক্ষণ পর ভারতীয় অংশে সীমান্ত নিরাপত্তা বাতি বন্ধ করে দেওয়া হয়। এতে সীমান্ত এলাকায় অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। পরে রাতের আঁধারে প্রায় ১১০ থেকে ১২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা সতর্ক অবস্থানে থাকায় সেই চেষ্টা সফল হয়নি।
এরপর সীমান্তের কাঁটাতারের বেড়া পার করে নারী ও শিশুসহ ১০ থেকে ১২ জনকে শূন্যরেখায় রেখে যায় ভারতীয় বাহিনী। স্থানীয়রা জানান, তারা বর্তমানে খাবার ও প্রয়োজনীয় সহায়তা সংকটে রয়েছেন। সীমান্তবর্তী গ্রামবাসীরা মানবিক কারণে তাদের জন্য খাবার ও পানি সরবরাহ করছে এবং বিজিবিকে সহযোগিতা করছে।
স্থানীয় এক রাজনৈতিক নেতা বলেন, এসব মানুষকে অবৈধভাবে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা বাংলাদেশি হলে নিয়ম অনুযায়ী ইমিগ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা উচিত ছিল। মানবিক দৃষ্টিকোণ থেকেই তাদের দ্রুত সমাধান প্রয়োজন।
এদিকে মঙ্গলবার দুপুরে যশোর অঞ্চলের বিজিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সীমান্তে পতাকা বৈঠকের চেষ্টা করা হলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।
বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ পুশইন প্রতিরোধে সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিষয়:
