মালয়েশিয়া সফরে শ্রমবাজার ও বাণিজ্য ইস্যুতে জোর দেবেন প্রধানমন্ত্রী
নিউজ ফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ১২:৫৮ পিএম
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরে আগামী ২১ ও ২২ জুন মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, হালাল খাদ্যশিল্পের উন্নয়ন, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা যায়, মালয়েশিয়া সরকার গত ১ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসূচি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। সফরের দ্বিতীয় দিন ২২ জুন দুই শীর্ষ নেতার মধ্যে বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা চলছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর হওয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের ক্ষেত্রে সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিষয়:
