খানজাহান আলীর মাজারের দীঘির কুমির যাচ্ছে সুন্দরবনের করমজলে

বাগেরহাট প্রতিনিধি | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ১১:৩৩ এএম

ছবি: সংগৃহীত

বাগেরহাটের ঐতিহাসিক হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দীঘিতে থাকা কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। মাজারে আগত দেশি-বিদেশি দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। সভা শেষে তিনি জানান, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আপাতত দীঘিতে থাকা কুমিরটিকে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে হস্তান্তর করা হবে। পাশাপাশি মাজার এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হবে।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, কুমিরটি স্থানান্তরের প্রস্তুতি নিতে বুধবার বিশেষজ্ঞদের একটি দল বাগেরহাটে পৌঁছাবে। তারা পরিস্থিতি পর্যালোচনা করে কুমিরটি ধরার পদ্ধতি, স্থানান্তরের সময় এবং প্রয়োজনীয় অন্যান্য বিষয় নির্ধারণ করবেন।

উল্লেখ্য, সোমবার রাতে মাজার সংলগ্ন দীঘিতে গোসল করতে নেমে সাত বছর বয়সী শিশু ফাতেমা আক্তার কুমিরের আক্রমণের শিকার হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, কুমিরটি শিশুটির পা ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। পরে মঙ্গলবার ভোরে দীঘির মহিলা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হৃদয়বিদারক এ ঘটনার পর স্থানীয় বাসিন্দা, দর্শনার্থী ও ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। একই সঙ্গে কুমিরটিকে দ্রুত সরিয়ে নেওয়া এবং মাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতেই জেলা প্রশাসন জরুরি বৈঠকে কুমিরটি সুন্দরবনের করমজলে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়।

এনএফ৭১/একে



বিষয়:



Top