হত্যার আগে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, আটক ১

নেত্রকোণায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী-ছেলেও গুরুতর আহত

সরোয়ার হোসান চৌধুরী ফাহাদ | প্রকাশিত: ২ জুন ২০২৬, ০২:৩৫ পিএম

সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কাটলী এলাকার একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় এ ভয়াবহ ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
নেত্রকোণার পৌর শহরে নিজ বাসায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার স্বামী ও ছেলেকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কাটলী এলাকার একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় এ ভয়াবহ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম মনোয়ারা বেগম (৫৫)। আহতরা হলেন তার স্বামী আবু চান (৬০) এবং ছেলে মুন্না মিয়া (২৫)। আহতদের স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় ধারালো অস্ত্র নিয়ে আব্দুর রশিদ নামে এক ব্যক্তি ওই ফ্ল্যাটে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মনোয়ারা বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত হন স্বামী ও ছেলে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত আব্দুর রশিদকে আটক করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ ও পুরো রহস্য উদঘাটনে তদন্ত চলছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



বিষয়:



Top