দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ নিহত ৫
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২ জুন ২০২৬, ০৮:২৩ এএম
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মালীগ্রাম উড়ালসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার সড়কের একই লেনে দাঁড়িয়ে থাকা গ্যাসবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
ভাঙ্গা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুই নারী ও দুই পুরুষসহ চারজনের মৃত্যু হয়। এ সময় এক শিশুসহ আরও তিনজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও এক শিশুর মৃত্যু হয়।
শিবচর মহাসড়ক থানার উপপরিদর্শক নুর আলম জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
এ ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
