খানজাহান আলী (রহ.)-এর দিঘিতে কুমির টেনে নিয়ে গেছে ৮ বছরের শিশু রাবেয়াকে

বাগেরহাট প্রতিনিধি | প্রকাশিত: ১ জুন ২০২৬, ১১:১৪ পিএম

ছবি: সংগৃহীত

বাগেরহাটের ঐতিহাসিক হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণের শিকার হয়ে রাবেয়া (৮) নামে এক কন্যাশিশু নিখোঁজ হয়েছে। সোমবার (১ জুন) রাত ৮টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পরিবারের সদস্যদের সঙ্গে মাজার এলাকায় আসা রাবেয়া দিঘির ঘাটে গোসল করতে নামে। এ সময় হঠাৎ একটি বড় আকৃতির কুমির শিশুটির ওপর আক্রমণ চালিয়ে তাকে পানির গভীরে টেনে নিয়ে যায়। ঘটনাটি দেখে আশপাশের লোকজন চিৎকার করে এগিয়ে এসে উদ্ধার চেষ্টা চালালেও শিশুটিকে আর খুঁজে পাওয়া যায়নি।

খানজাহান আলী (রহ.) মাজারের খাদেম ফকির তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি পানিতে নামার কিছুক্ষণের মধ্যেই কুমিরের আক্রমণের শিকার হয়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দিঘির বিশাল আয়তন এবং রাতের অন্ধকারের কারণে উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

এদিকে ঘটনাটি ছড়িয়ে পড়লে মাজার এলাকায় স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। অনেকেই দিঘির নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উদ্ধার অভিযান চলমান রয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।



বিষয়:



Top