বেনাপোল সীমান্তে ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ, জিরো লাইনে আটকা ৮–১০ জন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৭:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

বেনাপোল সীমান্তে বাংলাদেশি পরিচয়ে নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বর্তমানে ৮ থেকে ১০ জনের একটি দল সীমান্তের শূন্যরেখা (জিরো লাইন) এলাকায় খোলা আকাশের নিচে অবস্থান করছে। বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করাতে না পারলেও এখনো ভারতীয় ভূখণ্ডেও ফিরিয়ে নেয়নি।

রোববার দিনগত রাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর খড়ের মাঠ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার দুপুর পর্যন্ত নারী, শিশু ও পুরুষদের ওই দলটি জিরো লাইনে অবস্থান করছিল।

বিজিবি সূত্র জানায়, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার জয়ন্তীপুর সীমান্ত এলাকা থেকে কাঁটাতারের গেট খুলে কয়েকজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। তাদের পিলার নম্বর ১৯/এস-৬ এলাকায় আনা হয়।

পরে আগে থেকেই সতর্ক থাকা বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের ওই প্রচেষ্টা প্রতিহত করে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন,
সীমান্তে টহল জোরদার থাকায় পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। বর্তমানে ওই ব্যক্তিরা জিরো লাইনে অবস্থান করছে।

তিনি আরও জানান, এ বিষয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে এবং সমস্যা সমাধানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। সীমান্তে যেকোনো ধরনের অনিয়ম ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।



বিষয়:



Top