সাবেক এমপি আব্দুল মতিন মারা গেছেন
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৭:১৪ পিএম
মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ আব্দুল মতিন আর নেই। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকার মিরপুরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া আসনের সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।
দীর্ঘ রাজনৈতিক জীবনে কুলাউড়ার মানুষের কাছে পরিচিত মুখ ছিলেন আব্দুল মতিন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের সহকর্মী, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, আব্দুল মতিন ১৯৪৫ সালের ১৭ মার্চ কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন। পরে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট সমর্থিত প্রার্থীর পক্ষে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
রাজনৈতিক জীবনে তিনি কুলাউড়া উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি জেলা ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।
মরহুমের ভাতিজা ফরহাদ আহমদ জানান, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন আব্দুল মতিন। সোমবার দুপুরে ঢাকার বাসভবনে তার মৃত্যু হয়। মরদেহ কুলাউড়ায় নেওয়া হচ্ছে। মঙ্গলবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এনএফ৭১/একে
বিষয়:
