উচ্চ বেতনের প্রলোভনে রাশিয়ায় গিয়ে যুদ্ধের ফাঁদে পাটগ্রামের ৪ যুবক

মিঠু মুরাদ | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৬:৪২ পিএম

ছবি: সংগৃহীত

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার চার যুবককে উচ্চ বেতনের চাকরির আশ্বাস দিয়ে রাশিয়ায় পাঠিয়ে পরে রুশ সেনাবাহিনীতে যুক্ত করার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

সোমবার (১ জুন) পাটগ্রাম উপজেলা পরিষদ চত্বরে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় তারা চার যুবককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, পাটগ্রাম উপজেলার যুববিভাগের সভাপতি ইউনুস আলী, সাবেক শিবির নেতা মাহিন এবং পাটগ্রাম পৌর জামায়াতের আমির সোহেল রানা—এর সহযোগিতায় আর এস ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে এই চার যুবককে বিদেশে পাঠানো হয়। জনপ্রতি প্রায় সাড়ে ৯ লাখ টাকা নিয়ে গত ৭ মে তাদের রাশিয়ায় পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরিবারগুলোর দাবি, রাশিয়ায় পৌঁছানোর পর তারা বুঝতে পারেন যে প্রতিশ্রুত চাকরির পরিবর্তে তাদের রুশ সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে এবং ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হচ্ছে। বর্তমানে তারা চরম অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে রয়েছেন।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। তিনি বলেন, “প্রলোভন দেখিয়ে দেশের যুবকদের বিদেশে পাঠিয়ে জীবন ঝুঁকিতে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি দ্রুত কূটনৈতিক উদ্যোগ নিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে, গত শনিবার (৩০ মে) ভুক্তভোগী চারটি পরিবার পাটগ্রাম থানায় পৃথকভাবে অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে। অভিযোগে ইউনুস আলী, সোহেল রানা ও মাহিনকে অভিযুক্ত করা হয়েছে।

স্থানীয় পর্যায়ে ঘটনাটি ঘিরে ব্যাপক আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 
 


বিষয়:



Top