কোরআন ছুঁয়ে গোপন শপথ, রাতেই মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৫:০৯ পিএম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া এলাকায় কথিত চৌম্বক স্তম্ভের সন্ধানে খোঁড়াখুঁড়ির সময় মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। নিহতরা হলেন আব্দুল রশীদ বেপারী ও সাগর হাওলাদার।
সোমবার পিরোজপুরের পুলিশ সুপারের সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, গত ৩১ মে সকালে আমড়াগাছিয়ার একটি মক্তবের বারান্দা এবং সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরের আরেকটি স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে মরদেহে দৃশ্যমান আঘাতের চিহ্ন না পাওয়ায় অপরাধ তদন্ত বিভাগের ফরেনসিক দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পরে পুলিশ সুপার নিজেও ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তদন্তে উঠে আসে, ইউসুফ আলী প্যাদ্যা ও শহীদুল ইসলামসহ আরও কয়েকজন ব্যক্তি গোপনে একটি খননকাজ পরিচালনার জন্য ৭ থেকে ৮ জন শ্রমিককে নিয়োগ দেন। শ্রমিকদের প্রত্যেককে এক হাজার টাকা মজুরির প্রতিশ্রুতি দেওয়া হয়। বিষয়টি গোপন রাখার জন্য তাদের কোরআন শরীফ ছুঁয়ে শপথও করানো হয়েছিল বলে জানতে পারে পুলিশ।
পরে গভীর রাতে আমড়াগাছিয়া এলাকার একটি নবনির্মিত পুকুরে খোঁড়াখুঁড়ির সময় হঠাৎ ওপরের বিশাল অংশ ধসে পড়ে। এতে চারজন শ্রমিক মাটিচাপা পড়েন। তাদের মধ্যে আব্দুল রশীদ বেপারী ও সাগর হাওলাদার ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর এজাহারভুক্ত দুইজনসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এনএফ৭১/একে
বিষয়:
