ঝুলন্ত চেয়ারে বসিয়ে এমপিকে ব্যতিক্রমী সংবর্ধনা

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৪:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের বালাইরমা খাসিয়া পুঞ্জিতে নবনির্বাচিত সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুকে ব্যতিক্রমী আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে খাসিয়া সম্প্রদায়ের মানুষ তাদের নিজস্ব ঐতিহ্যবাহী রীতিতে তাকে বরণ করে নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শওকতুল ইসলাম শকু এলাকার উন্নয়ন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশের নাগরিক হিসেবে একসঙ্গে কাজ করতে হবে। সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে দেশকে এগিয়ে নেওয়ার পাশাপাশি উন্নয়নের সুফল সবার দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

পুঞ্জির মন্ত্রী রিওয়েল খংলার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন খাসিয়া পুঞ্জির প্রধান, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল খাসিয়া শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শিশুরা নৃত্য ও সংগীত পরিবেশন করে উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।

এ সময় খাসিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও ঐতিহ্যবাহী উপহার দেওয়া হয়। পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন সমস্যা সমাধানে তার সহযোগিতা কামনা করেন স্থানীয় বাসিন্দারা।

এনএফ৭১/একে



বিষয়:



Top