জেলা পরিষদ থেকে ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগ, যে ব্যাখ্যা দিলেন হাসনাত
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম
কুমিল্লা জেলা পরিষদ থেকে ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
রোববার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দেবিদ্বার উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দের বিস্তারিত তথ্য তুলে ধরে অভিযোগের ব্যাখ্যা দেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে ১০ কোটি টাকা নেওয়ার যে দাবি করা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি জানান, সরকারি বিধি অনুযায়ী ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে দেবিদ্বার উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য নির্ধারিত বরাদ্দ দেওয়া হয়েছে, যা সরাসরি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে।
ভিডিও বার্তায় তিনি উন্নয়ন বরাদ্দের একটি তালিকাও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে দেবিদ্বার উপজেলার ১৪৮টি উন্নয়ন প্রকল্পের জন্য মোট ৮ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির সাধারণ খাতে ৪টি প্রকল্পের জন্য ২৩ লাখ টাকা, বিশেষ খাতে ৭৬টি প্রকল্পের জন্য ৬ কোটি ২ লাখ টাকা এবং রাজস্ব ও নিজস্ব খাতে ২৩টি প্রকল্পের জন্য ৮১ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির সাধারণ খাতে ১২টি প্রকল্পের জন্য ৩৭ লাখ টাকা এবং বিশেষ খাতে ৩৩টি প্রকল্পের জন্য ৯৯ লাখ টাকা বরাদ্দের তথ্য তুলে ধরা হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের অর্থ ও আস্থার সুরক্ষা নিশ্চিত করা তার অন্যতম দায়িত্ব। তিনি অভিযোগ করেন, একটি মহল অপপ্রচারের মাধ্যমে দেবিদ্বারের উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, বরাদ্দ ও প্রকল্প বাস্তবায়ন নিয়ে যেকোনো তদন্ত বা যাচাই-বাছাইকে তিনি স্বাগত জানান। একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য প্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
এনএফ৭১/একে
বিষয়:
