বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা, শূন্যরেখায় আটকে ১০ জন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৩:৩১ পিএম
যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ‘বাংলাদেশি’ পরিচয়ে একদল নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে। তবে বিজিবির কড়া অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ১০ জন নারী-পুরুষ ও শিশু সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার জয়ন্তীপুর সীমান্তের বিপরীতে বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকায় সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। বিএসএফ কাঁটাতারের একাধিক গেট খুলে ১০ থেকে ১২ জন নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়।
এর আগে শনিবার সন্ধ্যা থেকে কয়েকটি ট্রাকে করে ওই ব্যক্তিদের সীমান্ত এলাকায় নিয়ে আসা হয়। রাতভর বিভিন্ন গেট দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর একাধিক চেষ্টা চালানো হলেও বিজিবি তা প্রতিহত করে। এ সময় সীমান্তের কিছু এলাকায় সার্চলাইট বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা করা ১০ জন নারী-পুরুষ ও শিশু বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছেন। বিষয়টি সমাধানে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে এবং পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
ঘটনার পর বেনাপোলসহ আশপাশের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি।
বিষয়:
