দিয়াবাড়ি পশুর হাটে বর্জ্যের স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৩:২৮ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকার দিয়াবাড়ি পশুর হাটে ঈদের পাঁচদিন পরও অপসারণ করা হয়নি পশুর বর্জ্য, বাঁশ ও অস্থায়ী অবকাঠামো। হাটজুড়ে জমে থাকা ময়লা পানি, বর্জ্যের স্তূপ এবং মশা-মাছির উপদ্রবে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, হাটের কারণে ঈদের আগে থেকেই এলাকায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকাও পশুর বেচাকেনার আওতায় চলে আসে। ঈদ শেষ হলেও এখনো হাটের খুঁটি, বাঁশ ও বর্জ্য পড়ে থাকায় দুর্গন্ধে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে।

ডিএনসিসির দাবি, মেট্রোরেল স্টেশন ও প্রধান সড়কগুলো পরিষ্কার করা হয়েছে। তবে হাটের অভ্যন্তরের বর্জ্য ও অস্থায়ী স্থাপনা অপসারণের কাজ শিগগিরই শুরু হবে। অন্যদিকে ইজারাদার শেখ ফরিদ হোসেন জানিয়েছেন, হাটের খুঁটি ও বাঁশ অপসারণের কাজ চলমান রয়েছে এবং দ্রুত শেষ করা হবে।

স্থানীয়দের আশঙ্কা, দীর্ঘদিন বর্জ্য খোলা স্থানে পড়ে থাকলে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হতে পারে।



বিষয়:



Top