ফটিকছড়িতে লেকে ডুবে শিশুসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০২:০৫ পিএম
চট্টগ্রামের ফটিকছড়িতে একটি খামারের লেকে নৌকাডুবির ঘটনায় তিন বছর বয়সী এক শিশুকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে খামার মালিকের মৃত্যু হয়েছে। পরে দীর্ঘ উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ শিশুটিকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
শনিবার সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু নয়াবাজার সেনা ক্যাম্পসংলগ্ন একটি কৃষি খামারের লেকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খামারের মালিক মোহাম্মদ মফিজ উদ্দিন (৪৫) এবং নঈম উদ্দিন আজাদের তিন বছর বয়সী কন্যা মুনতাহা।
স্থানীয় সূত্র জানায়, ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে খামারটিতে বেড়াতে এসেছিলেন তারা। একপর্যায়ে স্বজন ও শিশুদের নিয়ে লেকে নৌভ্রমণে বের হন। ভ্রমণের সময় হঠাৎ নৌকাটি ডুবে গেলে তিন শিশুসহ চারজন পানিতে তলিয়ে যান। স্থানীয়দের দ্রুত তৎপরতায় কয়েকজনকে উদ্ধার করা গেলেও শিশু মুনতাহা নিখোঁজ হয়ে যায়।
নিখোঁজ শিশুটিকে উদ্ধারের জন্য খামারের মালিক মোহাম্মদ মফিজ উদ্দিন নিজেই পানিতে নামেন। দীর্ঘ সময় চেষ্টা চালানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অভিযান শুরু করে। পরে নিখোঁজ শিশু মুনতাহাকে লেক থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান জানান, লেকে ডুবে দুইজনের মৃত্যুর ঘটনা পুলিশ নিশ্চিত হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
