রাঙামাটিতে নৌকাডুবি, এক যুবক নিখোঁজ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ১০:৫৯ এএম

সংগৃহীত

রাঙামাটির বরকল উপজেলায় যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত ছোট নৌকাডুবির ঘটনায় ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ওবায়দুল্লাহ (১৮) নামে এক যুবক এখনো নিখোঁজ রয়েছেন।

সোমবার (১ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার আইমাছড়া ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

স্থানীয়রা জানান, ৯ জন যাত্রী নিয়ে নৌকাটি আমবাগান এলাকা থেকে বাঙ্গালটিলার দিকে যাচ্ছিল। পথে নদীতে ভাসমান একটি গাছের গুঁড়ির সঙ্গে নৌকাটির ধাক্কা লাগলে সেটি ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ৮ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে ওবায়দুল্লাহ পানিতে তলিয়ে যান বলে ধারণা করা হচ্ছে।

নিখোঁজ ওই যুবকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড় কালিসীমা এলাকায়। তিনি মোবারকের ছেলে।

স্থানীয়রা জানান, ওবায়দুল্লাহ সাঁতার জানতেন না। এ কারণে দুর্ঘটনার পর তিনি পানির স্রোতে ভেসে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধারে স্থানীয়দের তল্লাশি অভিযান চললেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top