কুষ্টিয়ায় সেনাসদস্য বহনকারী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ১,
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০৩:৫০ পিএম
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় প্রশিক্ষণার্থী সেনাসদস্যদের বহনকারী একটি বাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। রোববার (৩১ মে) দুপুরে তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া থেকে খুলনাগামী ৩৯ জন প্রশিক্ষণার্থী সেনাসদস্য বহনকারী একটি বাসের সঙ্গে কুষ্টিয়া থেকে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি বাসই সড়কের পাশের ঢালে ছিটকে পড়ে কাত হয়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. ইকবাল হাসান জানান, দুর্ঘটনায় আহত অন্তত ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আহতদের মধ্যে আটজন নারী রয়েছেন, আর বাকিদের বেশিরভাগই সেনা সদস্য। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এই চিকিৎসক।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সেনাসদস্য বহনকারী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি লিচুবাহী পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, হতাহতদের সঠিক সংখ্যা নিশ্চিত করতে কাজ চলছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
এনএফ৭১/ওতু
বিষয়:
