বেগমগঞ্জে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০৩:৪৯ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত হয়েছেন জোবায়ের হোসেন রাকিব (২৩) নামে এক তরুণ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের পাকমুন্সিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাকিব সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে। তিনি বিভিন্ন সময় ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন শপিংমলে চাকরি করতেন।
স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে রাকিবের স্বজনের সঙ্গে স্থানীয় এক দোকানদারের বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধ মেটাতে শনিবার রাতে পাকমুন্সিরহাট বাজারে উভয় পক্ষের উপস্থিতিতে আলোচনা চলছিল।
বৈঠক শেষে ছোট ভাই রিমনকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন রাকিব। পথে বাজারসংলগ্ন একটি অন্ধকার স্থানে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। পরে রাকিবকে লক্ষ্য করে লোহার রড দিয়ে এলোপাতাড়ি হামলা চালানো হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে রিমনও আহত হন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। আহত রিমন চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
