পাটগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

মিঠু মুরাদ | প্রকাশিত: ৩০ মে ২০২৬, ১১:১৭ পিএম

পাটগ্রামে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

লালমনিরহাটের পাটগ্রামে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার আবু সাঈদ অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশের অন্যতম স্থপতি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে তার ঘোষণায় জাতি নতুন উদ্দীপনা লাভ করে। পরবর্তীতে দেশের দায়িত্ব গ্রহণের পর তিনি কৃষি, শিল্প, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তিনি বলেন, জিয়াউর রহমানের সময় কৃষি উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয় এবং দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যায়। একইসঙ্গে তৈরি পোশাক শিল্প ও বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়, যা আজও দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি হিসেবে কাজ করছে।

সংসদ সদস্য আরও বলেন, তার নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং সংবাদপত্রের স্বাধীনতা সম্প্রসারিত হয়। তিনি বিশ্বাস করতেন রাজনৈতিক প্রতিযোগিতা হবে জনগণের কল্যাণমূলক কর্মকাণ্ডের ভিত্তিতে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সফিকার রহমান, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



বিষয়:



Top