কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০১:১৭ পিএম
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার রাতে কলমাকান্দা-দুর্গাপুর সড়কের গজারমারি সেতু-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের পূর্ব বাজার এলাকার নয়ন মিয়ার ছেলে নিরব (২৪) এবং একই ইউনিয়নের ঘোষপাড়া এলাকার সজীব মিয়ার ছেলে সোহান (২০)। আহত হয়েছেন ঘোষপাড়া গ্রামের নিজামুদ্দিনের ছেলে বিল্লাল (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে কয়েকজন যুবক দুটি মোটরসাইকেলে করে কলমাকান্দা থেকে রহিমপুর বাজারে যান। সেখানে চা পান শেষে বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেল হারিয়ে গেলে অন্যরা খোঁজ শুরু করেন। পরে গজারমারি সেতু-সংলগ্ন সড়কের পাশে একটি খাদে মোটরসাইকেলসহ তিন আরোহীকে পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিরব ও সোহানকে মৃত ঘোষণা করেন। আহত বিল্লালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাসেম জানান, নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
