মাদক বিরোধী দ্বন্দ্বে সংঘর্ষ, ১৫ বছরের কিশোর নিহত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২৬, ১১:৩৭ এএম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
নিহত রায়হান ওই এলাকার ছুটুন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে উত্তরপাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেন। তবে ওই যুবক ইয়াবা না কিনে সেই টাকা দিয়ে বিস্কুট কিনে খেয়ে ফেলেন। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি, পরে হাতাহাতি শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়ভাবে মাদকবিরোধী অবস্থান নেওয়া কয়েকজন যুবক বিষয়টি জানতে চাইলে উত্তেজনা আরও বেড়ে যায়। এক পর্যায়ে সজীব মিয়ার পক্ষের আরও কয়েকজন যুক্ত হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পরিবেশ তৈরি হয়।
পরে রাত সাড়ে ১২টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, রাতের আঁধারে টর্চলাইটের আলোয় প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলতে থাকে, এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে কিশোর রায়হান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, “মাদক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
