মধুখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১২:১৬ পিএম
ফরিদপুরের মধুখালী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি ঝটিকা মশাল মিছিলের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের কামারখালী এলাকায় এ মিছিল বের হয়।
এ ঘটনার একটি ১ মিনিট ৪২ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে প্রায় ২০ থেকে ২৫ জনকে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে।
ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ মুজিব লও লও সালাম’, ‘কে বলে রে মুজিব নাই’, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ এবং ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
প্রাথমিকভাবে জানা গেছে, মিছিলে অংশ নেওয়া অনেকের মুখে মাস্ক থাকায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, কোনো নিষিদ্ধ সংগঠনের এ ধরনের প্রকাশ্য মিছিল বা সমাবেশের সুযোগ নেই। তিনি ঘটনাটি সম্পর্কে অবগত আছেন এবং ভিডিও যাচাইসহ মিছিলে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
