কসবায় তিন দিন নিখোঁজের পর পুকুরে মিলল সিএনজি চালকের মরদেহ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১২:১৫ পিএম

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে হোসেন মিয়া (৩৭) নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে পৌর শহরের টি আলী বাড়ি মোড় এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হোসেন মিয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদা গ্রামের ফরিদ মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজি চালক ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেলে পুকুরে ভাসমান অবস্থায় কিছু দেখতে পেয়ে তারা কাছে গিয়ে সেটি মানুষের মরদেহ বলে শনাক্ত করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। চেহারা দেখে তারা মরদেহটি হোসেন মিয়ার বলে শনাক্ত করেন। এ সময় স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

নিহতের এক স্বজন জানান, গত ২৫ মে তিনি নিজ এলাকা চান্দলা থেকে একটি রিজার্ভ যাত্রী নিয়ে কসবা উপজেলার কুটি এলাকায় যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে স্ত্রী মোছা. সালমা বেগম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top