ঈদের দিনে মাংস খেতে গিয়ে গলায় আটকে কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১২:১৪ পিএম

সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার আনন্দঘন দিনেই জামালপুরের ইসলামপুর উপজেলায় ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। কোরবানির মাংস খাওয়ার সময় অসাবধানতাবশত গলায় মাংস আটকে ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার পোড়ারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম ইয়াসিন হোসেন। সে স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে এবং বটচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের দুপুরে পরিবারের সবাই একসঙ্গে কোরবানির মাংস খেতে বসে। খাবার গ্রহণের সময় হঠাৎ করে ইয়াসিনের গলায় মাংসের একটি টুকরো আটকে যায়। মুহূর্তের মধ্যে তার শ্বাসনালী বন্ধ হয়ে গেলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা রফিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে জানান, সকালে ছেলে তার সঙ্গে ঈদের নামাজে গিয়েছিল। নামাজ শেষে তারা একসঙ্গে কোরবানি সম্পন্ন করেন এবং দুপুরে পুরো পরিবার নিয়ে আনন্দের সঙ্গে খাবার খেতে বসেন। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় মাংস আটকে শ্বাসরোধেই তার মৃত্যু হয়েছে।

ইসলামপুর থানার ওসি আব্দুল কাইয়ুম গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে।

ঈদের আনন্দের দিনে এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো নয়াপাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top