ঈদের সকালে খাবার খেতে গিয়ে গলায় মাংস আটকে শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১২:১১ পিএম
পবিত্র ঈদুল আজহার আনন্দঘন পরিবেশ মুহূর্তের মধ্যেই শোকে পরিণত হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায়। পরিবারের সঙ্গে ঈদের সকালের খাবার খেতে বসে গলায় কোরবানির মাংস আটকে ১১ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার লোকনাথপুর তেল পাম্প সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আঁখি (১১)। সে স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহর মেয়ে এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের সকালে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাচ্ছিল আঁখি। এ সময় হঠাৎ করে মাংসের একটি টুকরো তার গলায় আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়।
ঈদের আনন্দঘন দিনে এমন আকস্মিক মৃত্যুতে পুরো লোকনাথপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
