ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলামের মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১১:৫৫ এএম

সংগৃহীত

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম (৭৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

১৯৪৮ সালের ২৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন দবিরুল ইসলাম। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। শুরুতে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দিয়ে রাজনৈতিক যাত্রা শুরু করেন, পরে আওয়ামী লীগে যোগ দেন এবং উত্তরবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন।

তিনি ঠাকুরগাঁও-২ আসন থেকে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন, যা তার রাজনৈতিক জীবনের একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হয়। ১৯৮৬ ও ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিপিবির প্রার্থী হিসেবে জয়ী হন। পরবর্তীতে আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন। এর মধ্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক, গৃহায়ণ ও গণপূর্ত, সমাজকল্যাণ, এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি উল্লেখযোগ্য।

দীর্ঘদিন তিনি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং একই বছরের ৩ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। পরে দীর্ঘ কারাবাসের পর চলতি বছরের মে মাসে তিনি জামিনে মুক্তি পান। এরপর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top