ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০৯:০১ এএম

সংগৃহীত

মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় দেশজুড়ে দ্বিতীয় দিনের মতো উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। শুক্রবার (২৯ মে) ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে দেখা গেছে অনেক মুসল্লিকে।

রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, সকাল থেকেই অনেকে কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের কাজে ব্যস্ত সময় পার করছেন। কেউ পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন, আবার কেউ ঈদের দিন কসাই সংকট ও অতিরিক্ত ভিড়ের কারণে কোরবানি করতে পারেননি।

দ্বিতীয় দিনে কোরবানি দেওয়া কয়েকজন জানান, ঈদের প্রথম দিনে একসঙ্গে অনেক মানুষ পশু কোরবানি করায় কসাই পাওয়া কঠিন হয়ে পড়ে। এছাড়া নানা ধরনের ঝামেলা এড়াতেই তারা দ্বিতীয় দিনে কোরবানি করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

মগবাজারের বাসিন্দা ইকবাল হোসেন বলেন, “আমরা বরাবরই ঈদের দ্বিতীয় দিনে কোরবানি করি। এবারও সেই নিয়ম অনুসরণ করছি।”

অন্যদিকে কসাই মতিন মিয়া জানান, ঈদের দিন তিনটি গরু জবাই ও মাংস প্রস্তুতের কাজ করেছেন তিনি। দ্বিতীয় দিনেও একইভাবে ব্যস্ত সময় কাটছে তার।

ইসলামী শরিয়াহ অনুযায়ী, কোরবানির নির্ধারিত সময় তিন দিন। আরবি হিজরি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ পর্যন্ত সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করতে পারেন। তাই কোনো কারণে ঈদের দিন কোরবানি করা সম্ভব না হলে পরবর্তী দুই দিনেও কোরবানি দেওয়ার সুযোগ রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top