চট্টগ্রামে বাস-লেগুনার মুখোমুখি, নিহত ৩

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০৮:৩৯ এএম

সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ভেল্লাপাড়া ব্রিজসংলগ্ন তালতলা ক্রসিং এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঈগল পরিবহণের একটি যাত্রীবাহী বাস অতিরিক্ত গতিতে উল্টো পথে কর্ণফুলী ক্রসিংয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি থ্রি-হুইলার (লেগুনা)-এর সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলাউদ্দিন তালুকদার জানান, হাসপাতালে নেওয়ার পর এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অন্তত ২০ জন চিকিৎসাধীন রয়েছেন এবং কয়েকজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top