কোরবানি ঈদে সংগ্রহ হতে পারে ৮০লাখ পিস চামড়া

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০৩:৪৪ পিএম

সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের চামড়া শিল্পে এ বছর প্রায় ১ থেকে দেড় হাজার কোটি টাকার লেনদেন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী এবার প্রায় ১ কোটি পশু কোরবানি হতে পারে। তবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন-এর ধারণা, এবার প্রায় ৮০ লাখ পিস চামড়া সংগ্রহ হতে পারে।

ঈদকে সামনে রেখে সাভার চামড়া শিল্প নগরী পুরোদমে প্রস্তুত রয়েছে। এরই মধ্যে প্রতিটি ট্যানারি কারখানা প্রয়োজনীয় লবণ ও রাসায়নিক সংগ্রহ করেছে।

তবে শিল্প মালিকরা বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, ঈদের এই সময়টিতে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি, যাতে চামড়া সংরক্ষণে কোনো সমস্যা না হয়।

এ ছাড়া অর্থায়ন সংকটও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চামড়া কেনার জন্য ব্যাংকগুলো প্রায় ২৯৬ কোটি টাকা ছাড় করেছে, যা ট্যানারি মালিকদের মতে পর্যাপ্ত নয়।

এতে অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক ও জনতা ব্যাংক অগ্রণী ভূমিকা রাখছে বলে জানা গেছে।

ট্যানারি মালিকরা জানিয়েছেন, কিছু সহজ শর্তে তারা নিজেরাও অর্থ ছাড়ের ব্যবস্থা করেছেন, যাতে কোরবানির মৌসুমে চামড়া সংগ্রহ ও সংরক্ষণে কোনো বড় বিঘ্ন না ঘটে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top