সৌদির সঙ্গে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারীর আট গ্রামে ঈদুল আজহা উদযাপন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০৩:০০ পিএম
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আটটি গ্রামে পবিত্র ঈদুল আজহা আগাম উদযাপন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বুধবার (২৭ মে) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন কয়েকশ মুসল্লি।
উপজেলার শেখর ইউনিয়ন ও রূপাপাত ইউনিয়ন-এর কাঁটাগড়, সহস্রাইল, দরি সহস্রাইল, মাইটকুমড়াসহ মোট আটটি গ্রামে সকাল থেকেই ঈদের আমেজ বিরাজ করে। নতুন পোশাকে মুসল্লিরা মসজিদ ও ঈদগাহে গিয়ে নামাজ আদায় করেন।
সকাল ৮টায় ঈদের জামাত হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টির কারণে সময় পিছিয়ে যায়। পরে সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয় এবং দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
স্থানীয়রা জানান, তারা মূলত চট্টগ্রামের সাতকানিয়া ও সীতাকুণ্ডের মাহমুদাবাদ মির্জাখিল দরবার শরিফের অনুসারী। দীর্ঘদিন ধরে সৌদি আরবের চাঁদ দেখার সঙ্গে মিল রেখে তারা ঈদ, রোজা ও ধর্মীয় উৎসব পালন করে আসছেন।
এবার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় সহস্রাইল উত্তরপাড়া জামে মসজিদে। সেখানে ইমামতি করেন মাওলানা রাকিবুল হাসান রাকিব। স্থানীয়দের পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলা থেকেও মুসল্লিরা অংশ নেন।
মুসল্লি জাহিদুর রহমান চাক্কু বলেন, এই ঐতিহ্য বহু পুরোনো, যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে।
আরেক মুসল্লি মাহিদুল হক বলেন, সারা বিশ্বের মুসলমানদের একই দিনে ঈদ উদযাপন করা উচিত—এই বিশ্বাস থেকেই তারা সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন করেন।
বোয়ালমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ঈদের জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান জানান, এটি স্থানীয়দের দীর্ঘদিনের ধর্মীয় অনুশীলন এবং তারা প্রতিবছরই একদিন আগে ঈদ পালন করে থাকেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
