সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর পাঁচ গ্রামে আগাম ঈদ উদযাপন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০২:৫৪ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলার পাঁচ গ্রামের বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে তিনটি পৃথক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদ উদযাপিত এলাকার মধ্যে রয়েছে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের উত্তর বসন্তবাগ মুন্সিবাড়ী জামে মসজিদ, জিরতলী ইউনিয়নের ফাজিলপুর দায়রা বাড়ী জামে মসজিদ এবং নোয়াখালী পৌরসভার পশ্চিম সাহাপুর রশিদিয়া রহমানিয়া আল কাদেরী দায়রা খানকা শরীফ জামে মসজিদ।
স্থানীয়রা জানান, তারা বড় পীর হযরত আবু মুহাম্মদ মহিউদ্দীন সৈয়দ আবদুল কাদির জিলানী (রহ.)-এর আদর্শ অনুসরণকারী কাদেরিয়া তরিকার অনুসারী। সেই ঐতিহ্য ধরে তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন।
উত্তর বসন্তবাগ মুন্সিবাড়ী জামে মসজিদে ইমামতি করেন মাওলানা বদরুল ইসলাম। সেখানে প্রায় ৩০০ থেকে ৪০০ মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। অন্যদিকে ফাজিলপুর দায়রা বাড়ী জামে মসজিদে ইমামতি করেন মাওলানা সাইফুর রহমান, যেখানে ২০০ থেকে ২৫০ জন মুসল্লি নামাজ আদায় করেন।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, “আমাদের পূর্বপুরুষদের সময় থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করা হচ্ছে, যা শত বছরের পুরোনো ঐতিহ্য।”
নামাজ শেষে মুসল্লিরা বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।
সুধারাম থানা পুলিশের অপারেশন পরিদর্শক শ্রীরাম চন্দ্র ভট্রাচার্য বলেন, এসব ঈদ জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে ছোট পরিসরের আয়োজন হওয়ায় অনেক সময় প্রশাসনকে আগাম জানানো হয় না বলেও তিনি উল্লেখ করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
