মাংস কাটতে বিমানে চড়ে ঢাকায় আসছে কসাই
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০২:১২ পিএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর থেকে শত শত দক্ষ কসাই ঢাকায় আসছেন কোরবানির পশু জবাই ও মাংস কাটার কাজে। কেউ বাসে, কেউ ট্রেনে, আবার কেউ বিমানে করেও রাজধানীতে পৌঁছাচ্ছেন। এ বছর প্রায় ২০০ কসাই ইতোমধ্যে তাদের সরঞ্জাম প্রস্তুত করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বা এসে পৌঁছেছেন।
সৈয়দপুরের কসাইরা জানান, স্থানীয়ভাবে কাজ করার তুলনায় ঢাকায় এলে তারা অনেক বেশি আয় করতে পারেন। সাধারণত চারজনের একটি দল গঠন করে তারা কাজ করেন। প্রতিটি দল গড়ে ১০টি পর্যন্ত গরু কোরবানি ও মাংস কাটার কাজ সম্পন্ন করে।
তাদের ভাষ্য, ঈদের এই কয়েকদিনের আয় দিয়েই অনেকের তিন থেকে চার মাসের সংসার খরচ চলে যায়। ফলে বছরের এই সময়টার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করেন।
অনেক কসাই জানান, তারা ২০ থেকে ৩০ বছর ধরে নিয়মিত কোরবানির ঈদে ঢাকায় আসছেন। সময়ের সঙ্গে তাদের অভিজ্ঞতা ও চাহিদা দুটোই বেড়েছে।
সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতি-এর সভাপতি বলেন, রাজধানীতে দক্ষ কসাইয়ের চাহিদা অনেক বেশি। সেই ঘাটতি পূরণ করতেই প্রতি বছর সৈয়দপুর থেকে বিপুল সংখ্যক কসাই ঢাকায় আসেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
