সৌদির সঙ্গে মিল রেখে লালমনিরহাটের তিন গ্রামে ঈদ উদযাপন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০১:২২ পিএম

সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তিনটি গ্রামের পাঁচ শতাধিক পরিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। বুধবার সকালে পৃথক তিনটি ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবী মুন্সিপাড়া জামে মসজিদ ও ঈদগাহ মাঠে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. আব্দুল মাজেদ। পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও আলাদা জামাতের ব্যবস্থা করা হয়।

সরেজমিনে দেখা যায়, তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবী মুন্সিপাড়া, চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া পানিখাওয়া ঘাট জামে মসজিদ এবং বোতলা আহলে হাদিস বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ মাঠে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ শেষে মুসল্লিরা পশু কোরবানি দেন।

স্থানীয় মুসল্লিরা জানান, ২০১১ সাল থেকে এসব এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও দুই ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করা হচ্ছে। প্রতিবছরই শত শত মানুষ এই জামাতে অংশ নেন।

মুন্সিপাড়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মো. কায়েদে আজম জিন্নাহ বলেন, “সারা বিশ্বে একই দিনে ঈদ উদযাপনের বিশ্বাস থেকেই আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছি।”

ঈদ জামাতের ইমাম আব্দুল মাজেদ বলেন, “নবী-রাসুলদের অনুসরণ করেই আমরা সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন করি। এতে মুসলিম উম্মাহর ঐক্য আরও দৃঢ় হয় বলে আমরা বিশ্বাস করি।”

স্থানীয় মুসল্লি রিপন আলী জানান, কয়েক বছর ধরে এভাবে ঈদ পালন হলেও এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, “অনেক বছর ধরেই কিছু মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করছেন। ঈদের জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের টহল জোরদার করা হয়েছিল।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top