সৌদির সঙ্গে মিল রেখে দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ১০:০২ এএম

সংগৃহীত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বুধবার (২৭ মে) দেশের বিভিন্ন জেলার বহু মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। জামালপুর, চট্টগ্রাম ও চাঁদপুরসহ বিভিন্ন অঞ্চলের গ্রামগুলোতে ঈদের নামাজ ও কোরবানির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা, ইসলামপুর উপজেলা ও মাদারগঞ্জ উপজেলা–এর অন্তত ২০টি গ্রামের মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। সরিষাবাড়ীর বলারদিয়ার মধ্যপাড়া মাস্টারবাড়ি জামে মসজিদ মাঠে সকাল ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয়দের ভাষ্য, প্রতিবছরের মতো এবারও এসব এলাকায় আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপিত হচ্ছে।

অন্যদিকে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা, সাতকানিয়া উপজেলা ও আশপাশের অন্তত ৬০টি গ্রামের মানুষও একই দিনে ঈদ পালন করছেন। মির্জাখীল দরবার শরীফ ও জাহাঁগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফ–এর অনুসারীরা সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে দীর্ঘদিন ধরে রোজা ও ঈদ পালন করে আসছেন।

বুধবার সকাল সাড়ে ৯টায় মির্জাখীল দরবার শরীফের মূল খানকাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বর্তমান সাজ্জাদানশীন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান। এছাড়া চন্দনাইশের জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবারে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে চাঁদপুর জেলার প্রায় ৪০টি গ্রামেও উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। সাদ্রা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত এবং পরে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন দরবারের পীর যাকারিয়া চৌধুরী আল মাদানী ও মাওলানা আরিফ চৌধুরী।

স্থানীয় দরবারগুলোর অনুসারীরা জানান, তারা ‘এক দুনিয়া এক চাঁদ’ নীতির ভিত্তিতে বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখার খবর নিশ্চিত হলে রোজা ও ঈদ উদযাপন করেন। এ ধারাটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে অনুসরণ করা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top