ঈদে বাড়ি ফেরার পথে বাসচাপায় প্রাণ গেল বাবা,মা ও মেয়ের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৪:০৫ পিএম
ঈদে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে মোটরসাইকেলে করে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন ফিরোজ মাহমুদ। সঙ্গে ছিলেন স্ত্রী ও কোলের শিশু সন্তান। কিন্তু পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল পুরো পরিবার।
মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক-এর বাটাজোড় এলাকায় তাজ পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন ফিরোজ মাহমুদ, তার স্ত্রী মনিয়া বেগম এবং তাদের শিশু সন্তান জান্নাত।
নিহত ফিরোজ মাহমুদ বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে।
মো. মিজানুর রহমান জানান, মহাসড়কে তীব্র যানজট থাকায় ফিরোজ মোটরসাইকেলটি বাটাজোড় বাসস্ট্যান্ড এলাকায় থামিয়ে রেখেছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি বাস এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসে ভাঙচুর চালায় এবং মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান বলে জানা গেছে।
মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
এনএফ৭১/ওতু
বিষয়:
