পাঁচ জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একদিনে নিহত ২৩
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ১১:৩৪ এএম
দেশের পাঁচ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইল, বগুড়া, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও গোপালগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেলে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহত হন অন্তত ছয়জন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, নিহতরা সবাই কম খরচে বাড়ি ফেরার উদ্দেশ্যে যাত্রীবাহী বাস এড়িয়ে ওই মালবাহী ট্রাকে উঠেছিলেন। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, কুষ্টিয়া ও নাটোর জেলায়।
ফৌজিয়া হাবিব খান বলেন, “মালবাহী ট্রাকে যাত্রী পরিবহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।” জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা ও আহতদের ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
অন্যদিকে বগুড়া জেলায় পৃথক দুটি দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। কাহালু উপজেলার কাজীপাড়া এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত হন জেসমিন খাতুন ও তার মেয়ে তণু আক্তার। এছাড়া শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আনিছুর রহমান ও তার চার বছরের মেয়ে পুষ্প নিহত হন। আহত হয়েছেন আনিছুরের স্ত্রী আয়েশা বেগম।
শাহজাদপুর উপজেলায় পৃথক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই শিশু। দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা ও ভটভটির সংঘর্ষে মারা যায় সারা খাতুন (৮)। একই মহাসড়কের মশিপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় নিহত হয় আহম্মদ (৭) নামের আরেক শিশু।
এদিকে সিংগাইর উপজেলার কিটিংচর এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন কাউসার আহম্মেদ (১৮)। গুরুতর আহত অবস্থায় আরাফাত নামের আরেক তরুণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসের এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
ফায়ার সার্ভিস জানায়, ওভারটেক করতে গিয়ে একটি বাস বিপরীতমুখী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে একটি প্রাইভেটকারও মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র: কালের কণ্ঠ
এনএফ৭১/ওতু
বিষয়:
