প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৯:০৮ পিএম
চট্টগ্রামে বেসরকারি হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণীকে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রিয়া আক্তার রিতা (২০) নামের এক পোশাক শ্রমিককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আসামি।
নিহত রিয়া নগরীর পাহাড়তলী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন এবং সিডিএ মার্কেটের একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
গ্রেপ্তার আব্দুর রহমান শেখ (২১) বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ভাটখালি এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামের আকবরশাহ থানার ফয়’স লেক এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, একই গার্মেন্টসে কাজ করার সময় রিয়ার সঙ্গে আব্দুর রহমানের পরিচয় হয়। পরে চাকরি হারানোর পরও সে রিয়াকে নিয়মিত প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
খুলশী থানার পুলিশ জানায়, গত ২৩ মে রাতে কাজ শেষে জরুরি কথা বলার অজুহাতে রিয়াকে ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভবনের সিঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে রিয়াকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরবর্তীতে ২৪ মে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রিয়ার মা জমিলা বেগম বাদী হয়ে খুলশী থানায় হত্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় ২৫ মে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর সোনাগাজীর বাদামতলী এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি আব্দুর রহমান শেখকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
