আশুলিয়ায় ঈদযাত্রায় ১১ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে ঘরমুখো মানুষ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৯:০৩ পিএম
পবিত্র ঈদুল আজহার ছুটিতে ঘরমুখো মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে শিল্পাঞ্চল আশুলিয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা সড়কের বিভিন্ন অংশে প্রায় ১১ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল ধীর হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ গ্রামের উদ্দেশে রওনা হওয়ায় এবং সড়কের বিভিন্ন স্থানে যাত্রী ওঠানামার কারণে যানবাহনের শৃঙ্খলা ভেঙে পড়ে। এতে পুরো রুটে ধীরে ধীরে যানজট ছড়িয়ে পড়ে।
সরেজমিনে দেখা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নবীনগর, বাইপাইল ও জিরানী হয়ে বাড়ইপাড়া পর্যন্ত সড়কে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। ঢাকা-আরিচা মহাসড়কের প্রায় ৮ কিলোমিটার এবং নবীনগর-চন্দ্রা সড়কের আরও ৩ কিলোমিটার অংশে যানজটের প্রভাব পড়ে।
ভোগান্তিতে পড়া যাত্রীদের একজন মুন্না হোসেন জানান, গাবতলী থেকে চন্দ্রার উদ্দেশে রওনা হয়ে দীর্ঘ সময় বাইপাইল এলাকায় আটকে থাকতে হয়েছে।
অন্যদিকে চালকরা জানান, বিকেলের পর থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যায়। সড়কের বিভিন্ন স্থানে যত্রতত্রভাবে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
এদিকে যানজটের কারণে আশপাশের সংযোগ সড়কগুলোতেও স্থবিরতা দেখা দেয়। দীর্ঘ সময় আটকে থাকায় শিশু ও বৃদ্ধসহ সাধারণ যাত্রীরা প্রচণ্ড গরমে দুর্ভোগে পড়েন। ঈদের প্রথম দিনেই এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান বলেন, অবৈধভাবে সড়কে যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামার কারণেই মূলত এই যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ বিভিন্ন পয়েন্টে কাজ করছে বলেও জানান তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:
