বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে ও মা-মেয়ে নিহত, আহত ২

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৯:০১ পিএম

সংগৃহীত

সোমবার বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে এবং মা-মেয়ে নিহত হয়েছেন। সকালে শহরের বনানী এলাকায় ও বিকেলে কাহালু উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। এতে মোট চারজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

সকালে বনানীতে বাবা-মেয়ের মৃত্যু

সকাল সাড়ে ৬টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার দুই বছরের কন্যা নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত ব্যক্তির স্ত্রী।

নিহতরা হলেন আনিছুর রহমান ও তার কন্যা পুষ্প। আহত আয়েশা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রংপুরে একটি বেসরকারি সংস্থা ব্র্যাকে কর্মরত আনিছুর রহমান ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে পাবনায় গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে বনানী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বিকেলে কাহালুতে মা-মেয়ের মৃত্যু

একই দিনে বিকেল ৪টার দিকে কাহালু উপজেলার কাজিপাড়া এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী মা ও মেয়ে নিহত হন। এ ঘটনায় ইজিবাইক চালকও আহত হয়েছেন।

নিহতরা হলেন জেমি আকতার (৪০) ও তার মেয়ে তনু আকতার (২০)। আহত চালককে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাহালু থানার অফিসার ইনচার্জ জানান, জেমি আকতার ও তার মেয়ে ইজিবাইকে করে বিবিরপুকুরের দিকে যাচ্ছিলেন। এ সময় রাজশাহীগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top