দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৩:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মা ও শিশুপুত্রকে হত্যার প্রায় দুই বছর পর পুকুর খুঁড়ে তাদের কঙ্কাল উদ্ধার করেছে অপরাধ তদন্ত বিভাগ।

রোববার দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ গ্রামের একটি বাড়ির পুকুর থেকে ভেকু যন্ত্রের সাহায্যে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন কমলা বেগম ও তার ছেলে মোহাম্মদ নোমান। কমলা বেগম স্থানীয় আবুল কালাম আজাদের স্ত্রী।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, পারিবারিক সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে ২০২৪ সালের জানুয়ারিতে কমলা বেগম ও তার শিশুপুত্রকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত নারীর দুই সৎ ছেলে রাজু ও সাগর এবং নাতি টিপুকে আটক করা হয়েছে।

জানা যায়, হত্যার পর মরদেহ গোপন করতে শুকনো মৌসুমে পুকুরে মাটিচাপা দেওয়া হয়। দীর্ঘ তদন্ত শেষে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুর খনন করে মা-ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

নোয়াখালী অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রাইছুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রথমে আদালতে মামলা দায়ের করা হয়। পরে সোনাইমুড়ী থানায় সাধারণ নিবন্ধন মামলা হয়। মামলার তদন্তের সূত্র ধরে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের স্বীকারোক্তির ভিত্তিতে কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top