নিখোঁজের আড়ালে জোড়া হত্যাকাণ্ড,পুকুর খুঁড়ে মিলল মা-ছেলের কঙ্কাল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৩:৪৩ পিএম
নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে তদন্ত। প্রায় দুই বছর পর বাড়ির পুকুর খনন করে উদ্ধার করা হয়েছে মা ও শিশুপুত্রের কঙ্কাল। এ ঘটনায় নিহত নারীর দুই সৎ ছেলে ও এক নাতিকে গ্রেপ্তার করেছে সিআইডি।
নিহতরা হলেন কমলা বেগম (৩২) ও তার ছেলে নোমান (৯)। পারিবারিক সূত্রে জানা গেছে, কমলা ছিলেন আবুল কালাম আজাদের দ্বিতীয় স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি সৎ সন্তানদের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। তবে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের জানুয়ারিতে কমলা ও তার শিশুপুত্রকে হত্যা করা হয়। পরে মরদেহ দুটি বিবস্ত্র অবস্থায় বাড়ির পুকুরে মাটিচাপা দিয়ে গুম করা হয়। ঘটনার দুই মাস পর ১০ মার্চ সৎ ছেলে জিয়াউর রহমান সাগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে দাবি করেন, তার সৎ মা নিখোঁজ।
তবে বিষয়টি শুরু থেকেই সন্দেহজনক মনে করেন কমলার বোন রহিমা বেগম। পরে তিনি আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে তদন্তে নামে গোয়েন্দা সংস্থা সিআইডি।
দীর্ঘ তদন্ত ও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেপ্তার করা হয় সাগর, রাজু ও নাতি টিপুকে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার বাড়ির পুকুরে ভেকু মেশিন দিয়ে খনন চালিয়ে উদ্ধার করা হয় মা ও ছেলের কঙ্কাল।
সোনাইমুড়ী থানা পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
